ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপি ধ্বংসাত্মক পথে গেলে সমুচিত জবাব: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী পথ বেছে নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে।সোমবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।


আওয়ামী লীগ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণা দিয়েছে। তার এই ঘোষণার মধ্য দিয়ে আবারও বিএনপির শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে।


প্রকারান্তরে বিএনপি মহাসচিব স্বীকার করে নিয়েছেন যে, কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তসারশূন্য রাজনৈতিক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির যে কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সেটাই প্রতীয়মান হয়েছে।


ওবায়দুল কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো মহান জাতীয় সংসদ। সেই অর্থে বিরোধী দলকে ছায়া সরকার হিসেবেও অভিহিত করা হয়। সেজন্য যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক।


কাদের বলেন, যদি বিএনপি নেতাদের প্রশ্ন করি, বর্তমানে জাতীয় সংসদে তাদের আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে তারা কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে, তা জাতির সামনে প্রমাণিত। আগামী নির্বাচন ছাড়া জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠা কোনোভাবেই বিএনপির পক্ষে সম্ভব নয়। তবে কী ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাসের মতো ন্যক্কারজনক ও কাপুরুষোচিত শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে বিএনপি?


দেশের সচেতন জনগণ মনে করে, বিএনপির এই দুরভিসন্ধিমূলক ঘোষণার নেপথ্যে দেশবিরোধী গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। অবশ্যই অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি নেতাদের অতি অল্প সময়’-এর কোনো সীমা রেখা নেই! তাই বিএনপির হাক-ডাক হুমকি-ধামকিতে জনগণের কোনো আগ্রহ নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑